শিমলা, ২ ফেব্রুয়ারি (হি.স.): যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ, শুক্রবার নতুন করে তুষারপাতের পর বরফের চাদরে ঢাকা পড়েছে শিমলা, মানালি, কুফরি-সহ হিমাচল প্রদেশের নানা প্রান্ত। শুক্রবার হিমাচল প্রদেশের উঁচু পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে এবং সমতলে হয়েছে বৃষ্টি। শিমলার কাছাকাছি পর্যটন স্থানগুলি এদিনও তুষারপাতের সাক্ষী হয়েছে, বাড়ি-ঘর, রাস্তা সবকিছুই বরফের চাদরে ঢাকা পড়েছে। এই সময়ে শিমলা ও মানালিতে থাকা পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন।
শুক্রবার শিমলার উঁচু পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে, এছাড়াও লাহাউল এবং স্পিতি, চাম্বা এবং কুল্লুতেও তুষারপাত হয়েছে। মানালি শহরেও হালকা তুষারপাত হয়েছে, যা এই অঞ্চলের হোটেল মালিক এবং কৃষকদের আনন্দিত করেছে। শিমলার নারকান্ডা, চাম্বা জেলার খাজ্জিয়ার এলাকায় এদিন তুষারপাত হয়েছে।


















