যাবতীয় প্রতীক্ষার অবসান, আগামী ১৭ সেপ্টেম্বর ”যশোভূমি” দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির দ্বারকায় ‘যশোভূমি’ দেশকে উৎসর্গ করবেন। এছাড়াও ওই দিন আরও কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী মোদী দ্বারকা সেক্টর ২১ থেকে দ্বারকা সেক্টর ২৫-এ একটি নতুন মেট্রো স্টেশন পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করবেন।

দ্বারকায় ‘যশোভূমি’ নামক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি)-এর প্রথম পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে দেশে সভা, সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজনের জন্য একটি বিশ্বমানের পরিকাঠামো থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা শক্তিশালী হবে।