নরেন্দ্রপুর, ১৭ মে (হি. স.) : স্ত্রী ও ছেলেদের মারে মৃত্যু হল এক ব্যক্তির৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে ৷ মৃতের নাম শেখ গুলাম মহম্মদ(৫৪) ৷ তার দেহ উদ্ধার করেছে পুলিশ৷
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী রসিদা বিবি সহ তার দুই ছেলে শেখ সাবির মহম্মদ ও শেখ সাহিল মহম্মদকে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৄত খুনের মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ ধৃত তিনজনকেই বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে৷ অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, কসবা বোসপুকুরের বাসিন্দা শেখ গুলাম মহম্মদ৷ নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে কয়েকবছর আগে তারা জায়গা কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন৷ সম্প্রতি সংসারে আর্থিক অনটন চলছিল ৷ সেইকারণে তাদের মধ্যে চরম অশান্তি চলছিল কয়েকদিন ধরেই৷ গতকালও এই পরিবারের মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয় বলে প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ তখনই স্ত্রী ও দুই ছেলের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শেখ গুলাম মহম্মদ ৷ তার জেরেই মৄত্যু হয় গুলামের৷ প্রতিবেশীদের অভিযোগ ঘটনার পর বাথরুমে পড়ে মৄত্যু হয়েছে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে৷ মৃতের মেজভাই শেখ গোলাম হোসেন এই ঘটনায় দৄষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ৷ মৄতের মা আনোয়ারা বিবি জানিয়েছেন স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল ৷ স্ত্রীর উসকানিতে দুই ছেলে মিলে বাবাকে মারধোর করত বলে তার অভিযোগ৷ তার ছেলের খুনের ঘটনায় কেউ যাতে ছাড়া না পায় তার দাবী জানিয়েছেন তিনি৷

