শ্রীনগর, ৫ মে (হি.স.) : বিগত ৭২ ঘণ্টার মধ্যে তৃতীয় এনকাউন্টার জম্মু ও কাশ্মীরের! কুপওয়ারা ও বারামুল্লার পর এবার রাজৌরি। শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন একজন জওয়ান। পাশাপাশি তিনজন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেছে সুরক্ষা বাহিনী।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা গোপন সূত্রে খবর পান, রাজৌরি জেলার কেসারি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বেগতিক বুঝে জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। প্রস্তুত ছিল সেনাও। পাল্টা জবাব দেওয়া হয়। জানা গিয়েছে, দু’তিন জন জঙ্গি লুকিয়ে ছিল। তাদের ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গুলি বিনিময় চলার সময় এক জওয়ান আহত হয়েছেন।

