একই পরিবারের ৪ জনের মৃত্যু, সিবিআই তদন্ত চেয়ে মামলা হাই কোর্টে

কলকাতা, ২০ মার্চ (হি. স.) : দুর্গাপুরের একই পরিবারের চার সদস্যের রহস্যমৃত্যুর ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আর্কষণ করেন এক আইনজীবী। তাঁকে হলফনামা জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তারপরই মামলা শুনবেন তিনি।

ওই চারজনের মৃত্যুর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে এমন অভিযোগ উঠেছিল আগেই। সূত্রের খবর, সোমবার সেই অভিযোগ খতিয়ে দেখার দাবি তুললেন কলকাতা হাই কোর্টের আইনজীবী সামিম আহমেদ। তাঁর দাবি, দুর্গাপুরের মিলনপল্লিতে একই পরিবারের চার সদস্যের রহস্যমৃত্যুর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। যোগ থাকতে পারে নিয়োগ দুর্নীতিরও। মৃত অমিত মণ্ডলের হোয়াটস অ্যাপ মেসেজে সেই ইঙ্গিত মিলেছে। এমনকী, আত্মীয়দের অবৈধ চাকরির বিষয়টি জেনে যাওয়ায় সপরিবারে অমিতকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যই।