সংসদীয় গণতন্ত্রে কাজ করার সুযোগের ইচ্ছা পূরণ হয়েছে : টিংকু রায়

আগরতলা, ৮ মার্চ (হি. স.) : প্রত্যেক রাজনৈতিক নেতাদের ইচ্ছা থাকে সংসদীয় গণতন্ত্রে কাজ করার সুযোগ হোক। ২০১৮ সালে সম্ভব হয়নি। কিন্তু, তেইশের বিধানসভা নির্বাচনে গণদেবতার রায়ে জয়ী সেই সুযোগ পেয়ে মানুষের জন্য কাজ করা ইচ্ছা রয়েছে। আজ শপথ গ্রহণের পর সচিবালয়ে নিজ অফিস কক্ষে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন টিংকু রায়। তাঁর মতে, পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রোজগার বৃদ্ধি সম্ভব হবে। তখন সকলকে সরকারি চাকুরী দেওয়ার প্রয়োজন পরবে না। 

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা তাঁর প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাঁকে মন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। তাই ওই দায়িত্ব পালনে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন, দৃঢ়তার বলেন তিনি। 

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর উন্নয়নের কথা বলে থাকেন। কেন্দ্রীয় সরকারেরও উন্নয়নই একমাত্র লক্ষ্য। এক্ষেত্রে ত্রিপুরা সরকারও ব্যতিক্রমী নয়। তাঁর মতে, ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়নে প্রচুর জাতীয় সড়কের কাজ হচ্ছে। পরিকাঠামো উন্নয়ন দ্রুত গতি ধরেছে। তাই, এই ক্ষেত্রকেই সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

তাঁর বক্তব্য, পরিকাঠামো উন্নয়ন হলে রোজগার বাড়বে। তখন সরকারি চাকুরীর প্রয়োজনীয়তা পরবে না। কারণ, সকলকে সরকারি চাকুরী প্রদান সম্ভব হবে না। তাঁর সাফ কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশনায় এবং মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় পরিকাঠামো উন্নয়ন আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।