ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নেই রোনাল্ডো

জুরিখ, ১৩ জানুয়ারি (হি.স.): বিগত ২০২২ সালের সেরা ফুটবলারের লড়াইয়ে এগিয়ে থাকা ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ‘ফিফা দ্য বেস্ট’-এ মনোনীত খেলোয়াড়দের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লিওনেল মেসি। রয়েছেন ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমার নাম। তবে ১৪ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বড় চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম না থাকা।

পুরুষ ও মহিলা দুই বিভাগের বর্ষসেরা প্লেয়ার, কোচ, গোলকিপার এবং বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীতদের নাম প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ষসেরা বাছাইয়ে চলবে পাবলিক ভোটিং পর্ব। দুই বিশেষজ্ঞের প্যানেলের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে বর্ষসেরার মনোনীতদের তালিকা।

পুরুষদের বর্ষসেরা প্লেয়ারদের তালিকায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মেসি ছাড়াও তালিকায় নাম রয়েছে জুলিয়ান আলভারেজের। কাতার বিশ্বকাপে রানার্স ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে ‘দ্য বেস্ট’-এর দৌড়ে রয়েছেন বেনজেমা। পাশাপাশি রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইপিএলে সাড়া ফেলে দেওয়া নরওয়েজিয়ান তারকা এর্লিং হালান্ড, পোল্যান্ডের রবার্ট লেয়নডস্কি। ব্রাজিলের দুই মুখ নেমার ও ভিনিসিয়াস জুনিয়ার। সঙ্গে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ এবং বিশ্বকাপের ‘চমক’ মরক্কোর আশরফ হাকিমি।

তবে তালিকায় সাদিও মানে, মহম্মদ সালাহ, জুড বেলিংহ্যামের নাম থাকলেও রোনাল্ডোর বাদ পড়া অন্যতম বড় বিস্ময়। কাতারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ ঘটেছিল সিআর সেভেনের। বিশ্বকাপের পরেই সৌদি আরবের আল নাসরের সঙ্গে রেকর্ড অঙ্কে চুক্তিবদ্ধ হন পাঁচবারের ব্যালন ডি’অর ও দুই বারের ‘দ্য বেস্ট’ বিজেতা। বর্ষসেরার তালিকায় পর্তুগিজ তারকার নাম না থাকায় অবাক রোনাল্ডো অনুরাগীরা।

এদিকে, ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে কার্লো অ্যান্সেলোত্তি, দিদিয়ের দেশঁ, পেপ গুয়ার্দিওলার সঙ্গে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তালিকায় নাম রয়েছে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগিয়ের।

বর্ষসেরা গোলকিপারের দৌড়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, অ্যালিসন বেকার, ইয়াসিন বুনো, থিবো কুর্তোয়া, এডারসন। পুসকাস পুরস্কারের দৌড়ে নাম রয়েছে কিলিয়ান এমবাপে, রিচার্লিসনের সঙ্গে মারিও বালোতেল্লির।

একনজরে ‘ফিফা দ্য বেস্ট’র সংক্ষিপ্ত তালিকা:

১. হুলিয়ান আলভারেস (আর্জেন্টিনা/ম্যানচেস্টার সিটি)
২. করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)

৩. জুডে বেলিংহাম (বরুসিয়া ডর্টমুন্ড/ইংল্যান্ড)
৪. কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম)

৫. আর্লিং ব্রট হালান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি/নরওয়ে)
৬. আশ্রাফ হাকিমি (পিএসজি/মরক্কো)

৭. রবের্ত লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা/পোল্যান্ড)
৮. সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ/সেনেগাল)

৯. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স)
১০. লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)

১১. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
১২. নেইমার জুনিয়র (পিএসজি/ব্রাজিল)

১৩. মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর)
১৪. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল)