News Flash

  • Home
  • খেলা
  • Sports:ডোপ পরীক্ষায় ব্যর্থ আশুতোষ মেহতাকে দু’বছরের জন্য নির্বাসিত করল নাডা

Sports:ডোপ পরীক্ষায় ব্যর্থ আশুতোষ মেহতাকে দু’বছরের জন্য নির্বাসিত করল নাডা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি. স.) : ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে দু’বছর নির্বাসিত হলেন এটিকে মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার আশুতোষ মেহতা। বুধবার রাতের দিকে জাতীয় ডোপ বিরোধী সংস্থা তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ফলে আগামী দু’বছর ক্লাব বা জাতীয় স্তরে কোনও ম্যাচ খেলতে পারবেন না আশুতোষ। তিনিই আইএসএলে খেলা প্রথম ফুটবলার যিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন।

নাডা সূত্রে জানানো হয়েছে, চলতি বছর ৮ ফেব্রুয়ারি আইএসএলের ম্যাচ চলাকালীন গোয়ায় আশুতোষের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। সেসময় মোহনবাগানের হয়ে খেলতেন আশুতোষ। মোহনবাগান সেদিন হায়দরাবাদ এফসির মুখোমুখি হলেও মাঠে নামেননি তিনি। সেই নমুনায় নিষিদ্ধ মরফিনের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাঁর নমুনায় নিষিদ্ধ মরফিনের উপস্থিতির প্রমাণ মেলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাডার তরফে। চলতি বছরের ২৪ জুন থেকে তাঁর নির্বাসন ধরা হবে বলে জানিয়েছে নাডা।

তদন্তকারীদের কাছে আশুতোষ দাবি করেন, শরীরের ব্যথা কমানোর জন্য এক সতীর্থের দেওয়া ওষুধ খেয়েছিলেন তিনি। তিনি ভেবেছিলেন সেটি কোনও আয়ুর্বেদিক ওষুধ। যদিও ডোপ পরীক্ষায় ওই সতীর্থের শরীরে কোনও নিষিদ্ধ সামগ্রীর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। এরপরই নাডা আশুতোষকে দোষী সাব্যস্ত করে। নাডার আইন অনুযায়ী, মরফিন সংক্রান্ত ডোপিংয়ের ক্ষেত্রে অন্তত দুই বছরের জন্য নির্বাসিত করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যান্টি ডোপিং অ্যাপিল প্যানেলের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে আশুতোষের সামনে।

প্রসঙ্গত, জাতীয় দলের পাশাপাশি মোহনবাগান, মুম্বই এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, আইজল এফসির মতো ক্লাবে খেলেছেন আশুতোষ। মোহনবাগান ও আইজলের জার্সিতে জিতেছেন আই লিগও।মোহনবাগান-সহ ভারতের বিভিন্ন প্রথম সারির ক্লাবের হয়ে আইএসএল এবং আই লিগ মিলিয়ে দুশোর বেশি ম্যাচ খেলেছেন আশুতোষ। গত বছর ২৫ ফেব্রুয়ারি ওমানের বিরুদ্ধে অভিষেকের পর অবশ্য জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। গত মরশুমের শেষে তাঁকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। চলতি মরশুমের শুরুতে চেন্নাইয়িন এফসি, কেরালা ব্লাস্টার্সের মতো ক্লাবের সঙ্গে তাঁর নাম জড়ালেও শেষ পর্যন্ত কোথাও সই করেননি আশুতোষ। উল্লেখ্য, ২০১৭ সালে নাডা নির্বাসিত করেছিল বাংলার গোলকিপার সুব্রত পালকে। জাতীয় শিবিরে ডোপ পরীক্ষা করার পর সুব্রতের শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল। তবে পরে সুব্রত প্রমাণ করতে পেরেছিলেন যে, তিনি ইচ্ছে করে নিষিদ্ধ ওষুধ খাননি। নির্বাসনও কমিয়ে দেওয়া হয়।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top