নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): রাজপরিবারকে চিরতরে বিদায় জানালেন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকার রেকর্ড গড়া রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রানির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণও করলেন টুইটারে।
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “নিজের দেশের বহু ব্যক্তিত্বের অনুপ্রেরণা রানি দ্বিতীয় এলিজাবেথ। সাধারণ মানুষের কাছে শৃঙ্খলা ও মর্যাদার প্রতীক ছিলেন তিনি। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি সহানুভূতি জানাই।”
এরপরই রানির সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী । ব্রিটেন সফরে তাঁর সঙ্গে ভাগ করে নেওয়া মূল্যবান মুহূর্তের ছবিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, “২০১৫ ও ২০১৮ সালে রানির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। তাঁর আতিথেয়তা সত্যিই ভোলার নয়। সেই সাক্ষাতে তিনি একটি রুমাল দেখিয়েছিলেন আমায়। বলেছিলেন, তাঁর বিয়েতে সেই রুমালটি তাঁকে উপহার হিসেবে দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সেই স্মৃতি চিরকাল মনে থাকবে।”
দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা গিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন তিনি।


















