আগরতলা, ৫ অক্টোবর: মুঙ্গিয়াকামি ব্লকের এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনায় বিজেপি ও তিপ্রা মথার মধ্যে হওয়া ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’-এর ফলাফলে তিপ্রা মথার পাল্লা ভারী। ছয়টি আসনে দুই দলের মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় চারটি আসনে জয় পেয়েছে তিপ্রা মথা। অন্যদিকে, দুটি আসনে জয়ী হয়েছেন বিজেপির মনোনীত প্রার্থীরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আঠারোমুড়া এডিসি ভিলেজে বিজেপির মনোনীত প্রার্থী তহশিল দেববর্মা তিপ্রা মথার প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন। একইভাবে, তুই কর্ম এডিসি ভিলেজেও বিজেপির মনোনীত প্রার্থী প্রিয় মোহন দেববর্মা তিপ্রা মথার প্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে নেন।
অন্যদিকে, ছয়টি ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াইয়ের বাকি চারটি আসনেই জয় পেয়েছেন তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা। ফলে মুঙ্গিয়াকামিতে এই পর্বের ফলাফলে ৪-২ ব্যবধানে এগিয়ে রইল তিপ্রা মথা।
ভোটগণনাকে ঘিরে সোমবার সকাল থেকেই মুঙ্গিয়াকামি গণনা কেন্দ্রের বাইরে রাজনৈতিক মহলে ছিল বাড়তি নজর। গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং ১১ নম্বর মহারানী-তেলিয়ামুড়া স্বশাসিত জেলা পরিষদ কেন্দ্রের তিপ্রা মথার এমডিসি উৎপল দেববর্মা।
দুই দলের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হলেও গণনা কেন্দ্রের সামগ্রিক পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই দলের নেতা-কর্মীদের মধ্যে পরিস্থিতি শান্তিপূর্ণই ছিল।
সব মিলিয়ে মুঙ্গিয়াকামি ব্লকের ছয়টি ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’-এর ফলাফলে তিপ্রা মথা চারটি আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে। বিজেপিও দুটি আসনে জয় তুলে নিয়েছে। এই ফলাফল মুঙ্গিয়াকামির আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কী বার্তা দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
























