আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। গত ১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারির পর থেকেই প্রতিদিন চণ্ডীপুর ব্লক অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছেন চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রীয়া দাস।
চণ্ডীপুর ব্লকের অধীনে রয়েছে মোট চারটি এডিসি ভিলেজ। এগুলি হলো মাইলং, সিঙ্গিরবিল, জামতৈল বাড়ি এবং গোলকপুর। এই চারটি এডিসি ভিলেজ মিলিয়ে মোট ৩০টি আসন রয়েছে। ভোটগ্রহণের জন্য রয়েছে মোট ১১টি পোলিং স্টেশন। চারটি এডিসি ভিলেজে মোট ভোটার সংখ্যা ৬,০৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৯৭৪ জন এবং মহিলা ভোটার ৩,০৯৬ জন।
বিডিও দেবপ্রীয়া দাস জানান, নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ইতিমধ্যেই চণ্ডীপুর ব্লক এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয়েছে।
তবে ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চণ্ডীপুর ব্লক অফিস চত্বরে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন রাখা হচ্ছে।
উল্লেখ্য, চণ্ডীপুর ব্লকের অধীনে থাকা চারটি এডিসি ভিলেজই মন্ত্রী টিংকু রায়ের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। কয়েক মাস আগে অনুষ্ঠিত এডিসি নির্বাচনে এই এলাকা থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তবে ত্রিপ্রা মথার প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। সেই সময় নির্বাচনী প্রচারে চণ্ডীপুর ব্লক এলাকায় ত্রিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণও উপস্থিত হয়েছিলেন।
ফলে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে চণ্ডীপুর ব্লকের এই চারটি এডিসি ভিলেজকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই চারটি ভিলেজের ফলাফল যথেষ্ট গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।


















