কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার কেন্দ্রীয় অংশে অবস্থিত রাজ্য সরকারের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রহস্যজনক পরিস্থিতিতে এক মহিলা নার্সিং কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালেরই একটি শৌচাগার থেকে সকালে তাঁর দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, মৃত নার্স বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ডিউটিতে ছিলেন। কিছু সময় ধরে তাঁকে ডিউটিতে দেখা না যাওয়ায় সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে হাসপাতালের একটি শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে উত্তর কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে এক মহিলা জুনিয়র চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে জানা যায়, আগের রাতে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, যা পরবর্তীতে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও আলোড়ন সৃষ্টি করে।
ওই ঘটনার পর রাজ্য সরকারের তরফে সরকারি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছিল। তবে গত দুই বছরে সেই পদক্ষেপগুলির কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।
চলতি বছরের মার্চে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে এক যুবকের মৃত্যু হয়েছিল। দীর্ঘ সময় ধরে বিকল লিফটটির দিকে হাসপাতাল কর্মীদের নজর না দেওয়ার অভিযোগ ওঠে। একই মাসে ওই হাসপাতালেই চিকিৎসাধীন এক প্রবীণ রোগী স্ট্রেচার না পাওয়ায় হেঁটে দ্বিতীয় তলার শৌচাগারে যাওয়ার সময় মারা যান বলে জানা যায়।
এবার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরেই এক মহিলা নার্সিং কর্মীর রহস্যজনক মৃত্যুতে ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
— আইএএনএস



















