বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বুধবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়ক অবরোধে বসে হিন্দু নাগরিক মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে নাবালিকাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, এক মুসলিম যুবকের বিরুদ্ধে নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার সাত দিন অতিক্রান্ত হলেও এখনও নাবালিকাকে উদ্ধার করা যায়নি বলে দাবি বিক্ষোভকারীদের। পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না-এমন অভিযোগ তুলে বুধবার সকাল ১০টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার সামনে জাতীয় সড়কে অবরোধ শুরু করেন হিন্দু নাগরিক মঞ্চের সদস্যরা।
অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি অরুণ হালদার। নাবালিকাকে দ্রুত উদ্ধার করার পাশাপাশি ঘটনায় পুলিশের সক্রিয় ভূমিকার দাবি জানান তাঁরা।
পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হয়। বিশ্রামগঞ্জ থানার সেকেন্ড অফিসার-ইন-চার্জ চিত্ত দেববর্মা
বিক্ষোভকারীদের আশ্বাস দেন যে, ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা হবে।
পুলিশের এই আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন বলে জানা গেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নাবালিকাকে উদ্ধার করা না হলে ফের জাতীয় সড়ক অবরোধে বসার হুঁশিয়ারি দিয়েছে হিন্দু নাগরিক মঞ্চ।
নাবালিকার নিরাপত্তা ও দ্রুত উদ্ধারের বিষয়টি সামনে রেখে এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর সবার।


















