আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানাধীন স্বদেশনগর এলাকায় এক নাবালিকা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন নাবালিকার পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুন প্রাইভেট টিউশনে যাওয়ার পথে নাবালিকাটি নিখোঁজ হয়ে যায়। একই দিন নাবালিকার বাবা প্রদীপ বণিক বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মেয়ের কোনও সন্ধান মেলেনি বলে দাবি পরিবারের।
নাবালিকার বাবা প্রদীপ বণিকের অভিযোগ, তাঁর মেয়েকে বাইখোড়া এসএসবি ক্যাম্প সংলগ্ন মরনসুরপাড়া এলাকার বাসিন্দা তপন ভদ্রের ছেলে সম্রাট ভদ্র অপহরণ করেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর।
তিনি আরও অভিযোগ করেন, বাইখোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) বিষ্ণুচন্দ্র দাস এই ঘটনায় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন না। ফলে নাবালিকাকে উদ্ধারের কাজেও অগ্রগতি হচ্ছে না বলে পরিবারের অভিযোগ।
তবে এই অভিযোগের বিষয়ে বাইখোড়া থানার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাবালিকার পরিবার প্রশাসনের কাছে দ্রুত মেয়েকে উদ্ধার এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
























