নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের জ্বালানি আত্মনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী।
শনিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি জানান, রিফাইনারিটি শুরু থেকেই প্রায় ২৬ শতাংশ পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করবে। এর নেলসন কমপ্লেক্সিটি সূচক ১৭, যা এটিকে দেশের অন্যতম আধুনিক ও জ্বালানি-দক্ষ রিফাইনিং কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পুরীর দাবি, এই প্রকল্পে বিশ্বের বৃহত্তম পলিপ্রোপিলিন ইউনিট এবং ৩০টিরও বেশি গ্রেডের পলিমার উৎপাদনে সক্ষম একটি পলিইথিলিন ‘সুইং ইউনিট’ থাকবে।
এছাড়াও, এই কমপ্লেক্সে এশিয়ার বৃহত্তম কোকার ইউনিট স্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।
প্রকল্পের ব্যাপকতা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রিফাইনারি নির্মাণে ১৫০ লক্ষ ঘনমিটারেরও বেশি মাটি সরানো হয়েছে, ১৬ লক্ষ ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছে এবং প্রায় ৬ লক্ষ টন স্ট্রাকচারাল স্টিল প্রয়োগ করা হয়েছে।
তিনি বলেন, দেশের তেল ও গ্যাস ক্ষেত্রে এটি অন্যতম বৃহৎ বিনিয়োগ। এই প্রকল্প বারমের ও সমগ্র রাজস্থানে কর্মসংস্থান সৃষ্টি করবে, শিল্পোন্নয়নে গতি আনবে এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।
৭৯,৪৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সমন্বিত রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে তুলেছে এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড (এইচআরআরএল)। এটি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর ৭৪ শতাংশ এবং রাজস্থান সরকারের ২৬ শতাংশ অংশীদারিত্বে গঠিত একটি যৌথ উদ্যোগ।
এই রিফাইনারির বার্ষিক পরিশোধন ক্ষমতা ৯ মিলিয়ন মেট্রিক টন (এমএমটিপিএ) এবং পেট্রোকেমিক্যাল উৎপাদন ক্ষমতা ২.৪ মিলিয়ন মেট্রিক টন।
হরদীপ সিং পুরী আরও জানান, এদিন প্রধানমন্ত্রী রাজস্থায় ১.০৬ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেছেন।



















