আগরতলা, ৩ জুলাই: রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জনস্বাস্থ্য ও পানীয় জল (ডিডব্লিউএস) দপ্তরের কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
শুক্রবার আগরতলায় কংগ্রেস ভবন থেকে দলের এক প্রতিনিধি দল ডিডব্লিউএস দপ্তরে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ‘জল জীবন মিশন’সহ বিভিন্ন পানীয় জল প্রকল্পে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত তদারকির অভাবের কারণে সাধারণ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।
কংগ্রেসের অভিযোগ, পানীয় জল পরিশোধনের জন্য ব্যবহৃত ফিটকিরির মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নিম্নমানের ফিটকিরি ব্যবহারের ফলে জল দূষণের আশঙ্কা তৈরি হচ্ছে এবং এর সঙ্গে দুর্নীতির যোগসাজশ রয়েছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি, পাইপলাইনের ত্রুটি এবং অপরিশোধিত জল সরবরাহের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
স্মারকলিপিতে কংগ্রেস অবিলম্বে ফিটকিরির গুণগত মান নির্ধারণে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজ্যজুড়ে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
























