News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত করতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত: বিজেপি
Image

এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত করতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত: বিজেপি

আগরতলা, ১ জুলাই: এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই ওই দুই প্রতিষ্ঠানে পঠন-পাঠনের সঙ্গে যুক্ত চিকিৎসক ও ফ্যাকাল্টিদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।
তিনি বলেন, রাজ্য সরকার সব চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেনি। শুধুমাত্র এজিএমসি ও জিবিপি হাসপাতালের পঠন-পাঠনের সঙ্গে যুক্ত চিকিৎসক ও ফ্যাকাল্টিদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অথচ বিষয়টি নিয়ে কিছু মহল মানুষকে বিভ্রান্ত করে অযথা বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সুব্রত চক্রবর্তী জানান, রাজ্যে একটি শক্তিশালী মেডিক্যাল হাব গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে উদয়পুরে ৬০টি আসন নিয়ে একটি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চালু করা হচ্ছে। পাশাপাশি এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ২২ জুন রাজ্য সরকার এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবার মানোন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য হল সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের আরও বেশি পাঠদানের সুযোগ নিশ্চিত করা এবং রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা সহজলভ্য করা।

বিজেপির মুখ্য প্রবক্তার দাবি, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্রসহ দেশের একাধিক রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি নেই। তিনি জানান, ২০২৫ সালে এজিএমসি পরিদর্শনে এসে দিল্লির এইমসের অধিকর্তা ডা. এম. শ্রীনিবাসন এজিএমসি ও জিবিপি হাসপাতালকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ করেছিলেন। সেই সুপারিশের অন্যতম ছিল পঠন-পাঠনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা।
সুব্রত চক্রবর্তী বলেন, সংশ্লিষ্ট চিকিৎসক, ফ্যাকাল্টি এবং চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তাঁরা শিক্ষাদান ও রোগী পরিষেবায় আরও বেশি সময় দিতে পারেন।

তিনি আরও স্পষ্ট করেন, এজিএমসি ও জিবিপি হাসপাতাল ছাড়া অন্য কোনো সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি। পাশাপাশি বেসরকারি হাসপাতাল সম্পর্কেও কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে সুব্রত চক্রবর্তী অভিযোগ করেন, বিরোধীরা রাজ্য সরকারকে বদনাম করার উদ্দেশ্যে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top