আগরতলা, ১ জুলাই: বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ত্রিপুরা রাজ্য কমিটি। রাজধানীর গুর্খাবস্তিস্থ স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে গিয়ে সংগঠনের একটি প্রতিনিধি দল সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ডেপুটেশন প্রদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নবারুণ দেব জানান, পশ্চিম ত্রিপুরার হাপানিয়া এলাকার এক শিশু দুরারোগ্য রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। ওই শিশুর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার গ্রহণ করুক— এই দাবি স্বাস্থ্য অধিকর্তার কাছে জানানো হয়েছে।
এছাড়াও জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকটের বিষয়টি স্বাস্থ্য অধিকর্তার নজরে আনা হয়েছে। রাজ্যজুড়ে যাতে শান্তিপূর্ণ পরিবেশে নিয়মিত রক্তদান শিবির আয়োজন করা যায় এবং রক্তের ঘাটতি দূর করা সম্ভব হয়, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মারকলিপিতে উত্থাপিত সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আরও উন্নয়ন ঘটানোর আহ্বান জানানো হয়েছে।
























