আগরতলা, ১ জুলাই: পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে কলসি হাতে সড়ক অবরোধে সামিল হলেন দক্ষিণ মহেশপুর এলাকার মহিলারা। বুধবার সকালে কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এলাকার একাংশে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে সমস্যার সমাধানের আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ মহিলারা কলসি হাতে দক্ষিণ মহেশপুর বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন।
অবরোধের জেরে সোনামুড়া-বিলোনিয়া সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দু’পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য ছোট-বড় যানবাহন আটকে পড়ে। ফলে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত পানীয় জলের সমস্যা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও জল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে পানীয় জলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।



















