নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগামী দুই বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা মন্থর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। তবে এই পরিস্থিতিতেও ভারত প্রবৃদ্ধির নিরিখে অঞ্চলটির অন্যান্য দেশ, এমনকি চিনকেও ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে সংস্থার সাম্প্রতিক রিপোর্টে।
এডিবি-র বিশ্লেষণ অনুযায়ী, উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক প্রবৃদ্ধি ২০২৬ ও ২০২৭ সালে কমে ৫.১ শতাংশে দাঁড়াতে পারে, যা গত বছরের ৫.৪ শতাংশের তুলনায় কম। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্যিক অনিশ্চয়তার জেরেই এই মন্দার পূর্বাভাস।
অন্যদিকে, ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে ভারতের প্রবৃদ্ধি ৬.৯ শতাংশ হতে পারে এবং ২০২৭ সালে তা বেড়ে ৭.৩ শতাংশে পৌঁছাতে পারে। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদাই এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে মনে করছে এডিবি।
রিপোর্টে আরও বলা হয়েছে, উন্নয়নশীল এশিয়ার অধিকাংশ দেশের প্রবৃদ্ধির সম্ভাবনা চলতি বছর ও ২০২৭ সালে কিছুটা দুর্বল হতে পারে। তবে ভারত এই পরিস্থিতিতেও তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকবে।
এডিবি-র মতে, এই অঞ্চল অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও শক্ত ভিত্তি থেকে যাত্রা শুরু করছে। মজবুত অভ্যন্তরীণ চাহিদা, স্থিতিশীল শ্রমবাজার এবং অবকাঠামোয় সরকারি ব্যয় বৃদ্ধিই এর প্রধান কারণ। যদিও ঝুঁকির দিক এখনও প্রবল রয়েছে।
চিনের ক্ষেত্রে প্রবৃদ্ধি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে চিনের প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ এবং আগামী বছরে ৪.৫ শতাংশ হতে পারে, যা গত বছরের ৫ শতাংশের তুলনায় কম। সম্পত্তি বাজারের দুর্বলতা এবং রফতানি বৃদ্ধির গতি কমে যাওয়াই এর প্রধান কারণ।
এডিবি-র প্রধান অর্থনীতিবিদ এলবার্ট পার্ক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত জ্বালানি ও খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে, যা এই অঞ্চলের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি, বৈশ্বিক বাণিজ্য নীতির অস্থিরতাও প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। বেসরকারি খরচের স্থিতিশীলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত পণ্যের চাহিদা বৃদ্ধি আঞ্চলিক অর্থনীতিকে কিছুটা সমর্থন জোগাতে পারে বলে মনে করছে এডিবি।
এছাড়া, অদূর ভবিষ্যতে তেলের দাম কিছুটা বেশি থাকলেও ভূ-রাজনৈতিক উত্তেজনা কমলে তা ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
।।।।


















