আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে তারা। যারা মনে করে যে তারা মুখ্যমন্ত্রীকে তোয়াক্কা করে না, তাদেরকেই আজকাল সাধারণ জনগণ তোয়াক্কা করছে না। এডিসিতে এদের অপশাসনের দিন শেষ। তিপ্রাসাদের উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
এডিসি নির্বাচন উপলক্ষে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া মোটরস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জন সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন ২৭ পূর্ব মূহুরীপুর ভূরাতলী কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজকাল কত ধরনের রাজনীতি দেখা যায়। মানুষের সঙ্গে সম্পর্ক কমে গেছে। এখানে এসে রিজার্ভ সিটে দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের বিরোধী দলনেতার। রিজার্ভ সিটে জনজাতি অধ্যুষিত এলাকায় দাঁড়ানোর ক্ষমতা নেই তাঁর। তাই অসংরক্ষিত আসনে দাঁড়িয়ে খুব অল্প সংখ্যক ভোটে জয়ী হয়েছেন। কিন্তু আজকাল তিনি সোশ্যাল মিডিয়ায় খুব ভাষণ বাজি করেন, নানা রকম কথা বলেন। গতকালও তিনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আমি হাসবো, না কাঁদবো, না চুপ করে থাকবো বুঝতে পারছি না। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মনে হয় রাজনৈতিকভাবে দেউলিয়া। আমি বলেছিলাম যে আপনারা বলছেন বক্সনগরে কেউ সরকারি জমি দখল করে নিয়েছে। কিন্তু অমরপুরে আপনাদের যে পার্টি অফিস সেটা চার ভাগের তিন ভাগই সরকারি জায়গাতে তোলা হয়েছে। এনিয়ে আপনারা হাইকোর্টে গেলেও সেটা বাতিল হয়ে গেছে। তাই তাদের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ারও দাবি উঠেছিল।
সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা প্রায়ই বলেন যে আমরা নাকি মথার সাথে নাটক করছি, কংগ্রেসও বলে সেটা। আমরা নাকি গটআপ খেলছি। যদিও তিনি যে সময় বিধানসভায় প্রার্থী হয়েছিলেন সেই সময় মথা সেখানে কোন প্রার্থী দেয়নি। তবে গটআপ কে করছেন? মানুষকে বোকা বানানোর জন্য এধরণের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই। শৃঙ্খলার সাথে আমি বলবো কোন উশৃঙ্খল পার্টি যদি থেকে থাকে তবে সেটা কংগ্রেস পার্টি। অথচ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে কীভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে কাজ করছেন। সেই জায়গায় এই দেশকে কীভাবে নতজানু করা যায় সেই ব্যবস্থা করছে কংগ্রেস।
সমাবেশে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরো বলেন, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে পেট্রোল ডিজেল সহ পেট্রো পণ্য নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অসাধু কারবার করতে না পারে তারজন্য প্রধানমন্ত্রী দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন। তাই কোথাও কোনরকম অসাধু ব্যবসা করতে পারে নি। বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল নিয়ে আসছে ভারত। প্রধানমন্ত্রী কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী বলেন, জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে তিপ্রা মথা। এই পার্টির কোন দর্শন নেই। থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা। থানসার ব্যক্তিদেরই মারছে তারা। ভারতীয় জনতা পার্টি চায় জাতি জনজাতি মণিপুরী সংখ্যালঘু সহ সকল অংশের মানুষের থানসা। সকলকে নিয়ে আমরা থাকতে চাই, চলতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। আর সেই দিশায় কাজ করছে আমাদের রাজ্য সরকারও।
সমাবেশে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিজেপির প্রদেশ আইটি কনভেনর চন্দন দেবনাথ, জেলা সভাধিপতি দীপক দত্ত, মন্ডল সভাপতি, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তাগণ।



















