নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। টিটিএএডিসি নির্বাচনকে প্রহসনে পরিণত করার উদ্দেশ্যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তোলে কংগ্রেস নেতৃত্ব।
এই অভিযোগের প্রতিবাদে এবং তথাকথিত ষড়যন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানে কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভের আগে কংগ্রেস ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নির্বাচন দপ্তরের সামনে পৌঁছে। পরে সেখানে দপ্তর ঘেরাও করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনকে আরও সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে।



















