ধর্মনগর, ৮ এপ্রিল: ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বুধবার ভোটকর্মীরা ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। ধর্মনগর সরকারি দ্বাদশমান বালিকা বিদ্যালয় থেকে সকাল থেকেই ভোটকর্মীদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল ৯ এপ্রিল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ জন এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোট ৫৫টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১১টি মডেল পোলিং স্টেশন এবং ১১টি সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত ভোটকেন্দ্র রয়েছে।
প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন ৫৬ নং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোটদান করার আহ্বান জানানো হয়েছে।



















