আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী সুরজ দেববর্মা জোরকদমে প্রচার চালাচ্ছেন। তিনি নবসর্দার কামি এলাকার বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন।
রঙমালা, ডাইলা কুপরা, জম্পুই হাতি টিলা এবং কালিকান্তা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে প্রচার চালান।
অন্যদিকে, একই কেন্দ্রের ৮ নম্বর পোলিং স্টেশন এলাকায় একটি নতুন বুথ অফিসের উদ্বোধন করেন প্রার্থী সুরজ দেববর্মা। এদিনের অনুষ্ঠানে দলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেন এবং আসন্ন নির্বাচনে তিপ্রা মথার প্রার্থীদের জয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


















