আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। এই ঘটনায় মোট ৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন মহিলা রয়েছে বলে জানিয়েছেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল রামনগর ৪ নম্বর রোডের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক সুভাষ চক্রবর্তী সেদিন সন্ধ্যায় একটি নিমন্ত্রণে গিয়েছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখতে পান, বাড়ির গেট ও ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখেন আলমারি ভেঙে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।
এই ঘটনায় তিনি আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে। পরবর্তীতে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ৭ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে এবং তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশের ধারণা, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই গ্যাংয়ের সঙ্গে জড়িত আরও বেশ কিছু চুরির ঘটনার তথ্য সামনে আসতে পারে।



















