আগরতলা, ২ এপ্রিল: পড়াশোনা নিয়ে অভিভাবকদের বকুনিতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজধানী আগরতলা শহর সংলগ্ন পূর্ব চাম্পামুড়া এলাকায়।
মৃত ছাত্রীর নাম রুমি দাস। পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনা নিয়ে তাকে মা-বাবা বকাঝকা করেছিলেন। সেই ঘটনায় অপমান ও অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।
দিনের বেলায় ঘটনাটি ঘটে। প্রথমে তার দাদু তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি নিচে নামান। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। জানা গেছে, ঘটনার সময় তার বাবা বাড়ির বাইরে কাজে গিয়েছিলেন।
রুমি দাস রানিরবাজার এলাকার এক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের একাংশের মতে, বর্তমান সময়ে পড়াশোনার চাপ ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কিশোর-কিশোরীদের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলছে। তবে এই বিষয়ে সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



















