কমলপুর জয়ন্তী বাজারে সিপিআই(এম) নেতার বাড়িতে অগ্নিসংযোগ, রাবার বাগান ধ্বংস, এলাকায় উত্তেজনা

আগরতলা, ২ মার্চ: কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জয়ন্তী বাজার এলাকায় রবিবার গভীররাতে দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সিপিআই(এম)-এর সালেমা অঞ্চল কমিটির সদস্য নারায়ণ নমশূদ্রের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি তার রাবার বাগানে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় তিনশত পরিণত রাবার গাছ কেটে ফেলে এবং সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে বাড়ির একটি অংশ ও রাবার বাগানের বড় ক্ষতি হয়ে যায়। এই ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে দাবি পরিবারের।

সোমবার সকালে সিপিআই(এম) ধলাই জেলা কমিটি ও কমলপুর মহকুমা কমিটির নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। দলীয় নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে।

ঘটনার প্রতিবাদে সোমবার জয়ন্তী বাজার এলাকায় সিপিআই(এম)-এর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকরা দোষীদের শাস্তির দাবিতে স্লোগান তোলেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই হামলা। অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে।

Leave a Reply