আইজিএম হাসপাতালের পুরুষ সুপারভাইজারের বিরুদ্ধে মহিলা সুপারভাইজারকে মারধরের অভিযোগ, সাফাই কর্মীদের বিক্ষোভ

আগরতলা, ২৩ নভেম্বর: আইজিএম হাসপাতালে এক পুরুষ সুপারভাইজারের বিরুদ্ধে মহিলা সুপারভাইজারকে শারীরিকভাবে আক্রমণ করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে আজ হাসপাতালের সাফাই কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সুপারভাইজার বিশ্বজিৎ – এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভ দেখান তারা।
ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল আইজিএম হাসপাতালে বেসরকারি সংস্থার অধীনে কর্মরত এক পুরুষ সুপারভাইজার বিশ্বজিত অন্য এক মহিলা সুপারভাইজারকে মারধর করেন, যার ফলে তিনি রক্তাক্ত হয়েছেন। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই মহিলা সাফাই কর্মীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে কর্মীদের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল।

আজ সকালেই ওই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সাফাই কর্মীরা অভিযুক্ত বিশ্বজিৎ- এর বিরুদ্ধে সরব হন এবং তার বিরুদ্ধে আরও একাধিক দুর্ব্যবহারের অভিযোগ আনেন। কর্মীদের দাবি—হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং কর্মক্ষেত্রে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুক।
বিক্ষোভের খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কর্মীদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।