মধুবন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ, হেল্পারের অনুপস্থিতিতে একাই সামলাচ্ছেন দিদিমনি, ক্ষোভ অভিভাবকদের

আগরতলা, ১ নভেম্বর : রাজনৈতিক আশ্রয়ের জোরে সরকারি দায়িত্বে গাফিলতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধুবন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হেল্পারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের হেল্পার সুমিতা আচার্যী দীর্ঘদিন ধরে নিজের কর্মস্থলে অনুপস্থিত থাকেন। অভিযোগ, তিনি শাসক দলের ছত্রছায়ায় থেকে প্রভাবশালী নেতাদের সঙ্গে সময় কাটান, অথচ নিয়মিত কাজে যোগ দেন না।
ফলে কেন্দ্রের দায়িত্ব এখন কার্যত একাই সামলাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী (দিদিমনি)। তিনি একদিকে শিশুদের পড়াচ্ছেন, অন্যদিকে মাঝেমধ্যে নিজের হাতে রান্নার কাজও করছেন।

এমনকি, সময় পেলে কিছু অভিভাবকরাও রান্নার কাজে সহায়তা করছেন, যা প্রশাসনিকভাবে অত্যন্ত অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। দিদিমনি বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও, তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় অভিভাবকরা সংবাদমাধ্যমকে জানান, দিনের পর দিন হাজিরা খাতায় হেল্পারের নাম পড়ে থাকছে। এতে শিশুদের প্রাথমিক শিক্ষার মানে মারাত্মক প্রভাব পড়ছে। তাদের প্রশ্ন, একজন দিদিমনি কি পড়াবেন, না হেল্পারের কাজ করবেন? অভিভাবকদের দাবি, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, নচেৎ তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।