জমি-সম্পত্তি সংক্রান্ত বিবাদে রক্তাক্ত সংঘর্ষ, গুরুতর আহত একই পরিবারের তিনজন

আগরতলা, ৪ অক্টোবর: উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় পারিবারিক জমি ও সম্পত্তি সংক্রান্ত পুরনো বিবাদ ঘিরে ফের উত্তেজনা ছড়াল। অভিযোগ, বড় ভাই ছপর উদ্দিনের অনুপস্থিতিতে তার দুই ভাই বসর উদ্দিন ও নিজাম উদ্দিন হঠাৎই তাদের বাড়িতে ঢুকে পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় গুরুতর জখম হন ছপর উদ্দিনের স্ত্রী, কন্যা ও পুত্র সন্তান।

জানা গেছে, হামলার প্রাথমিক অজুহাত ছিল ছপর উদ্দিনের ছাগল নাকি দুই ভাইয়ের সবজি খেয়ে ফেলেছে। তবে পরিবার সূত্রে দাবি, এটি নিছক বাহানা মূলত পারিবারিক জমি ও বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। শনিবার বিকেলে সেই বিবাদ চরমে পৌঁছায় এবং এক পর্যায়ে বেধড়ক মারধর শুরু হয়।

আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই ভাই পলাতক।ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় এই পরিবারে দ্বন্দ্ব চলছিল এবং প্রশাসন আগেই পদক্ষেপ নিলে হয়তো এই রকম ঘটনায় পৌঁছত না।