আগরতলা, ১৮ সেপ্টেম্বর: চুরির ঘটনা বন্ধ নেই গোটা রাজ্যব্যাপী। প্রতিদিনই কোন না কোন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এবার নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হল এলাকার জনগণ। ঘটনা উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকায়।
ঘটনার বিবরণে এলাকাবাসীরা জানিয়েছেন, উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকায় প্রতিদিনই কোন না কোন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। ঘরের তালা ভেঙে রাবার সিট চুরি করে নিয়ে যাচ্ছে। এলাকাবাসীরা সন্দেহজনকভাবে দেবাশীষ দাস নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। অভিযোগ, ওই যুবক নেশায় আসক্ত থাকে। নেশার কবলে পড়ে এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করছে। তাই অবিলম্বে ওই যুবককে আটকের দাবিতে এদিন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উদয়পুর পূর্ব ও গোকুলপুর এলাকার জনগণ। পাশাপাশি চুরির ঘটনা বন্ধে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।



















