আগরতলা, ২৮ আগস্ট: শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই প্রতিটি মানুষকে শিশুদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে। আগরতলাস্থিত প্রজ্ঞা ভবন-এ আয়োজিত “একদিনব্যাপী উত্তর-পূর্বাঞ্চলীয় শিশু অধিকার সংরক্ষণ সম্মেলন”-এ যোগ দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই প্রতিটি মানুষকে শিশুদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিশু হলো সমাজের ভিত্তি এবং তাদের অধিকার রক্ষা করা কেবল সরকার বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি পরিবারের, এবং গোটা সমাজের একত্রিত দায়িত্ব।
ত্রিপুরা সরকারের উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে রাজ্যে প্রায় ২৮ জন শিশু আইনি দত্তক গ্রহণের মাধ্যমে স্নেহময় পরিবার পেয়েছে। পাশাপাশি, শিশু সুরক্ষাকে আরও কার্যকর করতে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট ইতোমধ্যেই ত্রিপুরার প্রতিটি জেলায় সক্রিয় হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, এনসিপিসিআর-এর চেয়ারপার্সন তৃপ্তি গুড়হা , সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিচালক তপন কুমার দাস।

