শান্তিরবাজার, ৪ জুলাই: শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে হানা দিল নিশিকুটুম্বের দল। শান্তিরবাজার শহরে প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরি হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার শহরের প্রানকেন্দ্রে অবস্থিত শান্তিরবাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এ-বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইনচার্জ নরেন্দ্র চক্রবর্তী জানান, সকালে গ্রুপ ডি কর্মী সাবিত্রী দাস বিদ্যালয়ের তালা খুলে দেখতে পান বিদ্যালয়ের প্রধানশিক্ষিকার কক্ষ থেকে শুরু করে বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে বিদ্যালয়ে চুরির বিষয়ে শান্তিরবাজার থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে চুরির ঘটনায় তদন্তে নেমেছে।
অপরদিকে বিদ্যালয়ের শিক্ষক সমর সরকার জানান, চোরের দল বিদ্যালয়ে থাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে। ফলে, এই চুরির পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
রাত্রিবেলায় পুলিশের টহলদারি বৃদ্ধি করলে এইধরনের চুরির ঘটনা প্রতিরোধ করা যাবে বলে আশা প্রকাশ করেন শিক্ষক সমর সরকার। বিগতদিনেও এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনাতেও যুক্ত চোরদের পুলিশ জলে তুলতে পারেনি। ফলে, পুলিশের ভূমিকাও সন্দেহের উর্দ্ধে নয় বলে দাবি স্থানীয়দের। এখন দেখার বিষয় চোরের দলকে আটক করতে কি প্রকার পদক্ষেপ গ্রহন করে পুলিশ।

