অত্যধিক গরমে নাজেহাল গুজরাট ও রাজস্থান, দিল্লিতেও তাপপ্রবাহের পূর্বাভাস

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): অত্যধিক গরমে নাজেহাল অবস্থা গুজরাটে, গরমে দুর্বিষহ অবস্থা মরুরাজ্য রাজস্থানেও। রাজধানী দিল্লিতেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। দিল্লি ও উত্তর ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি সম্পর্কে সোমবার আইএমডি বিজ্ঞানী ডঃ নরেশ কুমার বলেছেন, “গুজরাটে বর্তমানে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করছে, যার জন্য আমরা লাল সতর্কতা জারি করেছি। আগামী দুই দিনের জন্য পশ্চিম রাজস্থানেও লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে পাঞ্জাবে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আগামী চার দিনের মধ্যে, আমরা হরিয়ানায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখতে পাচ্ছি। দিল্লিতে আগামী তিন দিনের মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। আগামীকাল রাত থেকে হিমালয় অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলবে এবং এর প্রভাব হিমালয়ে দেখা যাবে। আগামীকাল রাতের পরে এবং তিন দিন পরে পাঞ্জাব ও হরিয়ানায় হিমালয়ের তাপমাত্রা কমতে শুরু করবে।”