গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : আগামী ১৩ নভেম্বর অসমের পাঁচ বিধানসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে বিজেপি-জোটশরিক ‘অসম গণ পরিষদ’ (অগপ) তাদের একমাত্র আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সে অনুযায়ী ৩২ নম্বর বঙাইগাঁও আসনে দীপ্তিময়ী চৌধুরীকে প্রার্থী করেছে অগপ। তিনি ওই আসনে টানা আটবারের (১৯৮৫ সাল থেকে) সদ্য-প্ৰাক্তন বিধায়ক তথা সাংসদ ফণীভূষণ চৌধুরীর সহধর্মিণী।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত লোকসভা নির্বাচনে অসম বিধানসভার পাঁচ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। পাঁচ আসনের মধ্যে বিজেপি দুই, একটি করে কংগ্ৰেস, অগপ এবং ‘ইউনাইটেড পিপলস পৰ্টি লিবারেল’ (ইউপিপিএ)-এর প্রার্থী বিজয়ী হয়েছিলেন। সে অনুযায়ী কাছাড় জেলার অন্তর্গত তফশিলি সংরক্ষিত ধলাই (এসসি)-এর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য (বিজেপি), চিরাং জেলার অন্তর্গত তফশিলি জনজাতি সিঁদলি (এসটি)-র বিধায়ক জয়ন্ত বসুমতারি (ইউপিপিএল), অসম গণ পরিষদ-এর প্রবীণ তথা অপ্রতিরোধ্য নেতা ১৯৮৫ সাল থেকে বঙাইগাঁও আসনে লাগাতার আটবারের বিধায়ক ফণীভূষণ চৌধুরী, বিশ্বনাথ জেলার অন্তর্গত বিহালির রঞ্জিত দত্ত (বিজেপি) এবং নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়ির পাঁচবারের বিধায়ক রকিবুল হুসেন (কংগ্রেস) সাংসদ নির্বাচিত হওয়ায় ওই পাঁচ আসন শূন্য হয়ে পড়েছে।
ওই শূন্য পাঁচ আসনে আগামী ১৩ নভেম্বর উপ-নিৰ্বাচন। পাঁচ আসনের মধ্যে বিজেপি তিনটি যথাক্ৰমে ধলাই (এসসি), বিহালি এবং সামাগুড়িতে প্ৰতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যে বিজেপি তাদের তিন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বাকি দুই আসন বঙাইগাঁও এবং সিঁদলি (এসটি) যথাক্ৰমে অসম গণ পরিষদ (অগপ) এবং ইউনাইটেড পিপলস পৰ্টি লিবারেল (ইউপিপিএল)-র জন্য ছেড়েছে বিজেপি।
অগপ তথা প্রাক্তন বিধায়ক বর্তমান সাংসদ ফণীভূষণ চৌধুরীর শক্ত ঘাঁটি বঙাইগাঁও আসনে প্ৰাৰ্থিত্ব পেতে গত কয়েকদিন ধরে দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দৌড়ঝাঁপ চলছিল। আসনকে ধরে রাখতে ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময়ী চৌধুরীর নাম চর্চায় ছিল। ইত্যবসরে ফণীভূষণ তাঁর স্ত্রীকে নির্বাচনে টিকিট না দেওয়ার জন্য নাকি আর্জি জানিয়েছিলেন। কিন্তু তাঁর আর্জিকে দূরে রেখে বিজয় নিশ্চিত করতে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ফণীভূষণের স্ত্রী দীপ্তিময়ীর ওপর ভরসা করেছেন অগপ-র শীর্ষ নেতৃত্ব।
এদিকে দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ বঙাইগাঁও জেলা অগপর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। আজ দীপ্তিময়ী চৌধুরীর নাম ঘোষণার পর পর দল থেকে কয়েকজন জেলা স্তরের নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।



















