কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশের হতাশ প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। শীর্ষ আদালত কাজে যোগ দেওয়ার কথা বলেছে। আর তা নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে তাঁদের মধ্যে।
জুনিয়র চিকিৎসকদের কথায়, “আমাদের নিরাপত্তা এখনও সুনিশ্চিত হয়নি। আগামিকাল কাজে যোগ দিতে এসে যদি আমার সঙ্গে একই ঘটনা ঘটে। তখন কী হবে?”
নবান্নর বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এ দিন দাবি করেন, স্বাস্থ্যভবনে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা যে দাবিগুলি করেছিলেন, সেগুলির সব ক’টিই মেনে নেওয়া হয়েছে। সরাসরি অভিযোগ আসেনি। তার পরেও এই ঘটনায় দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। ময়নাতদন্তের সময় ভিডিয়োগ্রাফি করা হয়েছে। ডাকা হয়েছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। চিকিৎসকদের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, “দয়া করে আপনারা কাজে যোগ দিন। আপনাদের যদি কিছু বলার থাকে, সব সময় স্বাগত।”
প্রসঙ্গত, নিজের সোশ্যাল পেজে আর জি কর হাসপাতালে হুগলির কোন্নগরের এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই অভিযোগ খারিজ করে তৃণমূলের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স, ওয়েস্ট বেঙ্গল। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে ওই চিঠিতে।



















