নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিগত কয়েক সপ্তাহ যাবৎ দেশের বিভিন্ন অংশে বৃষ্টির জেরে প্লাবন পরিস্থিতি। তার মধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানা গেছে, আগামী কয়েকদিন দেশজুড়ে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার গুজরাট ও মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী দিনকয়েক ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এই দুই রাজ্যে। পাশাপাশি রবিবার থেকে চলতি মাসের শেষ পর্যন্ত মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়াও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পঞ্জাবে। রবি ও সোমবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যে। এদিকে রবিবার কেরল, কর্ণাটক, তামিলনাড়ুতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।



















