আগরতলা, ২৬ জুন: বিদ্যুতের ছোবলে মৃত্যু হয়েছে ষাট বছর বয়সী বৃদ্ধার। ওই ঘটনায় তেলিয়ামুড়ার করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের ৬০ বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনের বৈদ্যুতিক তারে কি সমস্যা হয়েছে দেখার জন্য গেলে কোনভাবে বিদ্যুতের সংস্পর্শে আসে, এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসনা দেবীকে নিজ ঘরের পেছনের অন্ধকারাচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে তিনি।
সাথে সাথে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতালে কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজনসহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার।

