বাংলার মানুষ তৃণমূলের দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত: নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.): রবিবার ফের একবার বাংলায় মেগা সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের প্রাক্কালে রবিবার সকালে বিহারের নওয়াদা এবং জলপাইগুড়িতে বিকেলে সভা মোদীর।

রবিবার বাংলায় মেগা র‍্যালি করার আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বার্তায় তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে বঙ্গ বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত। একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে।

এছাড়া বিহার প্রসঙ্গে রবিবার প্রধানমন্ত্রী লেখেন, ‘বিহারে ফের বিজেপি-এনডিএ-র তুমুল ঢেউ দেখা যাচ্ছে। আজ সকাল ১১টা নাগাদ নওয়াদার জনসভায় যোগ দেওয়ার জন্য উচ্ছ্বসিত। কারণ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সৌভাগ্য হবে।’