দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, রাজস্থানের ঝালাওয়ারে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু ৫ জনের

ঝালাওয়ার, ২৪ মার্চ (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রাজস্থানের ঝালাওয়ারে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার রাতে ঝালাওয়ারের পাগারিয়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। ব্যক্তিগত বিরোধের কারণে ডাম্পারের চাকায় পিষে পাঁচজনের মৃত্যুর বিষয়ে সাব-ইন্সপেক্টর বিজেন্দ্র সিং বলেছেন, “…ডাম্পারটি কোনও নম্বর প্লেটবিহীন ছিল। ডাম্পারটির আশেপাশে ৫ জন মাটিতে পড়েছিলেন।” মৃতদের মধ্যে দু’জন সম্পর্কে ভাই বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন বিন্নায়গা ফান্টা গ্রামের বাসিন্দা দুই ভাই ভরত সিং (২২) এবং ধীরজ সিং (২০)। এছাড়াও তুফান সিং (৩৩), গোবর্ধন সিং (২৮) এবং বালু সিং (২০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। সবাই বিন্নায়গা ফান্টা গ্রামের বাসিন্দা৷ বিবাদের নেপথ্যের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পাগারিয়ার এসএইচও বিজেন্দ্র সিং জানিয়েছেন।