পাটনা, ৩ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি দাবি করেছেন, ২০২৪ সালে সংবিধান মন্থন হতে চলেছে। রবিবার পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের “জন বিশ্বাস মহা র্যালি”-তে বক্তব্য রাখেন অখিলেশ যাদব। তিনি বলেছেন, “একদিকে উত্তর প্রদেশ ”৮০ হারাও” স্লোগান দিচ্ছে, বিহারও ”৪০ হারাও” স্লোগান দিচ্ছে। উত্তর প্রদেশ এবং বিহার উভয়েই যদি ১২০টি আসন হারায় তাহলে বিজেপির কী হবে?… ২০২৪ সালে ”সংবিধান মন্থন” হতে চলেছে। একদিকে সংবিধানের রক্ষক, অন্যদিকে সংবিধান ধ্বংসকারীরা।”
অখিলেশের এই বক্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, “দিবাস্বপ্ন দেখার কোনও বাঁধা নেই? অখিলেশ যাদব উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ২টি আসনও পাবে না… এখানে (বিহার) আইএনডিআই জোট এবং সেখানে (উত্তরপ্রদেশ) পিডিএ নিশ্চিহ্ন হয়ে যাবে।”



















