প্রাক অলিম্পিক : ব্রাজিলের জয়ে আবারও এন্দরিকের গোল

কলম্বিয়া, ২৭ জানুয়ারি (হি.স.) : প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে বলিভিয়া ম্যাচের পর কলম্বিয়ার বিপক্ষেও দ্বিতীয় ম্যাচও জিতল ব্রাজিল। প্রথম ম্যাচের জয়ের নায়ক বিস্ময়বালক এন্দরিক ফিলিপ আজও একটি গোল করলেন।

শনিবার (২৭ জানুয়ারি) ভোরে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। ২৫ মিনিটে এন্দরিকের পর কেনেডি দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৮৩ মিনিটে।

দুটি গ্রুপে হচ্ছে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের খেলা। প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। দুই গ্রুপ থেকে একটি করে দল যাবে অলিম্পিকে। ব্রাজিলও রয়েছে সেই দৌড়ে।

দুই ম্যাচে জয় পাওয়া ব্রাজিলের পয়েন্ট এখন ৬, ‘এ’ গ্রুপে তারা আছে দুইয়ে। সব কটি ম্যাচ খেলে ফেলা ইকুয়েডর ৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে ভেনেজুয়েলা। অর্থাৎ প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে সুযোগ পেতে হলে পরের ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে।