প্রজাতন্ত্র দিবসে আরএসএস সদর দফতরে তেরঙা উত্তোলন, শ্রদ্ধার সঙ্গে পালিত দিনটি

নাগপুর, ২৬ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সদর দফতরে শ্রদ্ধার সঙ্গে পালিত হল প্রজাতন্ত্র দিবস। শুক্রবার সকালে নাগপুরে আরএসএস-এর সদর দফতরে ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে তেরঙা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাবগত।

আরএসএস-এর স্বেচ্ছাসেবক ও প্রচারকদের উপস্থিতিতে নাগপুরের সদর দফতরে তেরঙা উত্তোলন করেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাবগত। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করেছে আরএসএস। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এদিন বলেছেন, “ভারতের জনগণের শক্তি অসীম। যখন এই শক্তি বৃদ্ধি পায়, তখন অনেক অলৌকিক কাজ হয়। এখন আমরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকলেই আমরা অর্জন করতে পারি। আমাদের দেশে বৈচিত্র্যকে গ্রহণ করার ঐতিহ্য রয়েছে। যখন সবাই ভ্রাতৃত্ববোধ নিয়ে কাজ করবে এবং সংবিধান মেনে চলবে, তখন দেশ আরও উচ্চতায় উঠবে।”