বিশ্ব মঞ্চে ভারতের গৌরব এখন অত্যন্ত উজ্জ্বল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): বিশ্ব মঞ্চে ভারতের গৌরব এখন অত্যন্ত উজ্জ্বল। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “ভারত এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিস্থাপক। লক্ষ্যণীয় হল, এটিই একটি পূর্ণাঙ্গ সরকারের ক্ষমতা।” জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রথমবারের ভোটারদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আমাদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকারই নারী শক্তি বন্দন অধিনিয়ম প্রণয়নের মাধ্যমে দেশের নারীদের বছরের পর বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। আমাদের সরকারই তিন তালাক আইন এনে মুসলিম বোন ও মেয়েদের মধ্যে ন্যায়বিচারের আশা বাড়িয়েছে। আমাদের সরকারই তিন দশক অপেক্ষার পর নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করেছে। আমাদের সরকারই এসসি, এসটি, ওবিসিদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি দরিদ্র যুবকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে। আমাদের সরকারই অযোধ্যায় রামলালার পবিত্রতা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আগে দুর্নীতি ও কেলেঙ্কারির খবর প্রতিদিনই শিরোনামে থাকত। কোটি কোটি টাকার কেলেঙ্কারি ছিল সাধারণ ব্যাপার। সেই অন্ধকার পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে পেরে আমরা সন্তুষ্ট। মানুষ এখন বিশ্বাসযোগ্যতার কথা বলে, দুর্নীতি নয়; সাফল্যের গল্প বলে, কেলেঙ্কারি নয়। এর আগে ভারত ছিল ভঙ্গুর পাঁচটি অর্থনীতির তালিকায়। কিন্তু এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আগামী বছরে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতিতে পরিণত হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “এখন ভারতের শক্তিশালী পরিকাঠামো প্রবৃদ্ধির সবচেয়ে বড় চালক হিসেবে প্রমাণিত হচ্ছে। আঞ্চলিক সংযোগ থেকে যোগাযোগ, মোবাইল টাওয়ার থেকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, সেমি-কন্ডাক্টর মিশন থেকে মিশন হাইড্রোজেন, এভিয়েশন সেক্টর থেকে ট্যুরিজম সেক্টর – দেশের প্রতিটি রূপান্তর যুব সমাজের জন্য, আপনাদের জন্য।”