নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি : সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে হেমাঙ্গ প্রভা দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হয় ভানু ঘোষ স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিনের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, হেমাঙ্গ প্রভা দত্ত তাঁর রাজনৈতিক জীবনে দলের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি বলেন, তাঁর জীবন একটি আদর্শ সাংগঠনিক ও রাজনৈতিক জীবন। দলের জন্য তাঁর চিন্তাধারা নতুনদের আজও অনুপ্রাণিত করে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হেমাঙ্গ প্রভা দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতিচারণ করেন। তিনি তাঁর বক্তব্যে হেমাঙ্গ প্রভা দত্তের রাজনৈতিক জীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন।

