গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে ১২ কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গাঁজা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নির্ভরযোগ্য গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোরে এসটিএফ-প্রধান পার্থসারথি মহন্তের নেতৃত্বে এক দল গুয়াহাটির বেহারবাড়িতে একটি ট্রাকের গতিরোধ করে তাতে তালাশি চালায়। তালাশি চালিয়ে কাঁচা রবারের স্তূপের নীচ বিপুল পরিমাণের গাঁজা ভরতি গাঁজা উদ্ধার করে এসটিএফ-এর দল। পরে ওজন করে গাঁজাগুলির পরিমাণ ৪ হাজার কেজি বলে ধরা পড়ে়। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির আনুমানিক মূল্য ১২ কোটি টাকা হবে বলে জানা গেছে। গাঁজাগুলি ত্রিপুরা থেকে গুয়াহাটির বুক চিরে বহিঃরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রের খবর।
গাঁজা পাচারের অভিযোগে লখিমপুর জেলার অন্তর্গত বিহপুরিয়ার বাসিন্দা রাজু শর্মা (৪৬) এবং কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুরের বাসিন্দা বিশ্বজিৎ দাস (২৯) নামের দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ।

