সেজে উঠেছে অযোধ্যা, রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে দেশের নানা প্রান্ত থেকে আসছে প্রসাদ

অযোধ্যা, ২০ জানুয়ারি (হি.স.): অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে রামনগরী অযোধ্যা, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভগবান রামের জন্য আসছে প্রসাদ। হায়দরাবাদ থেকে কারসেবকপুরমে পৌঁছেছে ১,২৬৫ কেজি লাড্ডু প্রসাদ। শ্রী রাম ক্যাটারিং সার্ভিসেস-এর এন নাগভূষণম রেড্ডি, যিনি এই লাড্ডুগুলি তৈরি করেন, বলেছেন, “ঈশ্বর আমার ব্যবসা এবং আমার পরিবারকে আশীর্বাদ করেছেন। এই লাড্ডুগুলি এক মাস স্থায়ী হতে পারে। ৩ দিন ধরে ২৫ জন এই লাড্ডু প্রস্তুত করেছেন।”

অন্যদিকে, অযোধ্যায় ২২ জানুয়ারি রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আগে চণ্ডীগড়ে ১৫০ কুইন্টাল লাড্ডু তৈরির প্রস্তুতিও চলছে জোরকদমে। ছত্তিশগড়ের ভক্তরা ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আগে অযোধ্যায় ‘মিষ্টি ফল’ ফল নিয়ে এসেছেন। আবার বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার এদিনই কাশ্মীর, তামিলনাড়ু এবং আফগানিস্তান থেকে প্রাপ্ত উপহারগুলি শ্রী রাম মন্দিরের ‘যজমান’ অনিল মিশ্রের হাতে তুলে দিয়েছেন। বিগত ৬ মাস ধরে তৈরি প্রায় ৪০০ কেজি ওজনের তালা এবং চাবি আলিগড় থেকে অযোধ্যায় পৌঁছেছে। পাশাপাশি যেখান থেকে আমন্ত্রিতরা শ্রী রামমন্দিরে প্রবেশ করবেন সেখানে শ্রীরামের শৈশবের ছবি এখন শোভা পাচ্ছে।