খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত ককবরক দিবস

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জানুয়ারি : ৪৬ তম ককবরক ভাষা দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। ১৯ জানুয়ারি ককবরক ভাষা দিবস। এই দিনটিকে রাজ্যে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে এদিন।

সারা রাজ্যের পাশাপাশি শুক্রবার দুপুরে খোয়াই মহকুমার পদ্মবিল ব্লকের অধীন রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে সুরেন্দ্র দেববর্মা স্মৃতি কমিউনিটি হলে ৪৬তম ককবরক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে এদিন রতনপুর বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বের হয়ে বাজার পরিক্রমা করে। স্কুল ছাত্র ছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রার শেষে সুরেন্দ্র দেববর্মা স্মৃতি কমিউনিটি হলে আলোচনা সভার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক সুধাংশু সরকার। তাছাড়া রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার দাস, ককবরক ভাষার সাহিত্যিক উৎপল দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ককবরক ভাষার সাহিত্যিক উৎপল দেববর্মাকে অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা জনজাতিদের নৃত্য পরিবেশন করে। উক্ত অনুষ্ঠানে রতনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিল।