কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : নিয়োগ মামলার শুনানিতে আদালতে ভর্ৎসিত সিবিআই। বিচারক তাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ‘‘সিবিআইয়ের মতো দেশের অন্যতম প্রধান সংস্থার কাছ থেকে এই ধরনের প্রবণতা মোটেই কাম্য নয়।’’
আদালতে এই শুনানি চলাকালীন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উপস্থিত ছিলেন না। যা দেখে বিচারক অসন্তুষ্ট হন। তদন্তকারী অফিসার কোনও নথিও পাঠাননি। ফলে সিবিআইয়ের আইনজীবীকে সওয়াল চলাকালীন থামিয়ে দিয়ে বিচারকের মন্তব্য, ‘‘তদন্তকারী অফিসারের থাকা উচিত ছিল। আদালতের নির্দেশ পালন করা হয়নি। আমি আমার প্রয়োজন মতো নির্দেশ দেব। কোনও ত্রুটি থাকলে তদন্তকারী অফিসারকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’’
তদন্ত পুরোপুরি শেষ না করেই চূড়ান্ত চার্জশিট গঠন করেছে সিবিআই, স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় এমনটাই অভিযোগ তুলেছেন ধৃত শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী। বুধবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হার জামিনের আবেদন জানানো হয়। সেই প্রেক্ষিতে প্রশ্ন তোলেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত।
আদালতে সঞ্জয়বাবু জানান, নিয়োগ মামলার তদন্ত এখনও শেষ করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তদন্ত বাকি থাকতেই তারা চূড়ান্ত চার্জশিট আদালতে জমা দিয়ে দিয়েছে। তাঁর দাবি, বেশ কিছু ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট ছাড়াই কী ভাবে তদন্ত শেষ হয়েছে বলে দাবি করছে সিবিআই, সেই প্রশ্ন তোলেন এসপি সিন্হার আইনজীবী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৯ জানুয়ারির মধ্যে নিয়োগ মামলার তদন্ত শেষ করতে বলা হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে।

