তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে শ্রীনগর, জম্মুতেই তাপমাত্রা নামল ৪.৮ ডিগ্রিতে

শ্রীনগর, ১০ জানুয়ারি (হি.স.): তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, তাপমাত্রার পারদ তো হিমাঙ্কের নীচে রয়েছেই। তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত ভূস্বর্গে। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.০ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতেই তাপমাত্রা নেমেছে ৪.৮ ডিগ্রিতে। পহেলগামে তাপমাত্রা নেমে মাইনাস ৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শীত এতটাই বেশি যে সকালের দিকে রাস্তায় দেখা যাচ্ছে না মানুষজনকে, রোদও শীতকে হার মানাতে পারছে না। বুধবার গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.০ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু ও কাশ্মীর এই মুহূর্তে ৪০-দিন চিল্লাই কালান-এর অধীনে রয়েছে। এই সময়ে জম্পেশ ঠান্ডার মধ্যে দিন কাটে উপত্যকার বাসিন্দাদের। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে কাশ্মীরে। সামগ্রিকভাবে ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন হবে না।